প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খুলছে। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও জাতীয় দিবসের অবকাশ কাটিয়ে শিক্ষার্থীরা কাল থেকে আবারও ক্লাসে ফিরছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খোলার প্রথম দিন থেকেই নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রম শুরু করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আগামীকাল সকাল থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সশরীরে ক্লাস শুরু হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে গত ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হয়। অন্যদিকে, স্কুল-কলেজে গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ ছুটি গত ২৬ মার্চ শেষ হলেও সাপ্তাহিক ছুটির কারণে ২৯ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে দুয়ার খুলছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো থেকে নিয়মিত পাঠদান ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রিয় প্রাঙ্গণে ফিরতে মুখিয়ে আছে লাখো শিক্ষার্থী। প্রতিটি প্রতিষ্ঠানেই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পাঠ্যসূচি অনুযায়ী ক্লাস নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.