প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
ইরানে প্যারাট্রুপার নামানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে নিজেদের চৌকস ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২,০০০ প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৮ মার্চ) ওয়াশিংটন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই বাহিনী মূলত আকাশপথে প্যারাস্যুটের মাধ্যমে নেমে ইরানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি, বন্দর ও পারমাণবিক অবকাঠামো দখলের প্রাথমিক ধাপ হিসেবে কাজ করবে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে সব ধরনের সামরিক বিকল্প সক্রিয়ভাবে বিবেচনা করছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ৮২তম এয়ারবর্ন ডিভিশনের এই সদস্যরা মূলত ‘ইমিডিয়েট রেসপন্স ফোর্স’ হিসেবে কাজ করে, যারা মাত্র ১৮ ঘণ্টার নোটিশে যেকোনো প্রতিকূল পরিবেশে অবতরণ করতে সক্ষম। পরিকল্পনার অংশ হিসেবে আরও ১০,০০০ স্থলসেনা এবং ৫,০০০ মেরিন সেনাকে ওই অঞ্চলে পাঠানো হচ্ছে। বিশেষ করে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘কেশম দ্বীপ’ দখলের লক্ষ্য নিয়ে এই প্যারাট্রুপারদের ব্যবহার করা হতে পারে।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ কমাতে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থাপনাগুলো কবজায় নিতে এই অভিযান চালানো হতে পারে। তবে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি ও শক্তিশালী ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এই প্যারাসুট ল্যান্ডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তারা। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন থাকলেও এই নতুন সংযোজন যুদ্ধের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.