প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়তা জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (২৮ মার্চ) বিকেলে আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এই হামলার দায় স্বীকার করে। ওমানের সালালাহ বন্দর থেকে কিছুটা দূরে অবস্থানরত জাহাজটিকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।
আইআরজিসির মুখপাত্র জানান, মার্কিন জাহাজটিকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা বিস্তারিত জানানো হয়নি। আল জাজিরার বরাতে জানা গেছে, ওমান উপকূলে এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিবৃতিতে ইরান উল্লেখ করেছে যে, তারা বন্ধুপ্রতিম দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং এই হামলাটি শুধুমাত্র মার্কিন সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। ইরানের পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও তৎপরতার কঠোর জবাব দেওয়া হবে। এই হামলাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.