প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। আগামী ৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন সফল শিক্ষাবিদ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 All rights reserved.