প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
লোহাগাড়ায় দিনমজুরের বাড়িতে গভীর রাতে হামলা ও ভাঙচুর
চট্টগ্রামের লোহাগাড়ায় এক অসহায় দিনমজুরের বসতবাড়িতে গভীর রাতে ফিল্মি কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে মোহাম্মদ ইসমাইলসহ ১৪ জনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে দিনমজুর আব্দুর রহিম ও তার পরিবার ঘুমিয়ে পড়লে রাত গভীরে ১০/১২ জনের একটি সশস্ত্র দল দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং বাধা দিলে আব্দুর রহিমের ছোট বোনকে বেধড়ক মারধর করে। শুধু হামলা নয়, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
Copyright © 2026 All rights reserved.