প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার (২৮ মার্চ) প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং প্রিয় নেতাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন। এর আগে গত ২৯ ডিসেম্বর শেষবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে বাড়তি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রধান ফটকের চারপাশে ব্যারিকেড দিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সকাল থেকেই অবস্থান করছেন। দলীয় সূত্র জানিয়েছে, কার্যালয়টি প্রধানমন্ত্রীর সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।
দীর্ঘদিন পর এবং সরকার প্রধান হিসেবে তার এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ আনা হলেও নেতাকর্মীদের ভিড় সামলাতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আজ বিকেলে তিনি কার্যালয়ে পৌঁছে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.