প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন
সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিপণনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের প্রধান স্থাপনা বা ডিপোগুলো থেকে সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিলারদের তেল সরবরাহ করা হবে।
শুক্রবার (২৭ মার্চ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির কথা জানায় বিপিসি। বিপিসি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতেই ডিপো থেকে পণ্য ছাড়ের সময় সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিপিসির অধীনস্থ সকল বিপণন কোম্পানিকে এই নতুন সময়সূচি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরবরাহ কার্যক্রমে আরও শৃঙ্খলা আসবে এবং পাম্পগুলোতে তেলের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
Copyright © 2026 All rights reserved.