প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
সংসদের শব্দযন্ত্রে গোলযোগ: ‘সাবোটাজ’ কি না তদন্তে কমিটি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেম বা শব্দযন্ত্রের গোলযোগের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি মূলত খতিয়ে দেখবে এই ঘটনার পেছনে কোনো ‘সাবোটাজ’ বা অন্তর্ঘাত ছিল কি না। কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই শব্দযন্ত্রে ত্রুটির কারণে বিঘ্ন ঘটে। এমনকি হেডফোন নিয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকেও অভিযোগ ওঠে। সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি গোলযোগের প্রকৃত কারণ উদঘাটন করবে। কারিগরি ত্রুটি শনাক্ত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে অস্বস্তিকর বড় হেডফোনগুলো দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংসদ কমিটি।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান চিফ হুইপ। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরবর্তী বৈঠক আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.