প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া
বাংলাদেশে পরিচালিত পাকিস্তানের ব্যাংক আলফালাহ লিমিটেডের সব কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া।
শনিবার (২৮ মার্চ) বিকেলে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকায় এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। ব্যাংক আলফালাহর শেয়ারহোল্ডাররা তাদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই বিক্রয় প্রস্তাব অনুমোদন করেছেন। চূড়ান্ত হস্তান্তরের জন্য এখন দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।
ব্যাংক এশিয়া সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে শুরু হওয়া এই প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক আলফালাহর বাংলাদেশ অংশের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া সভার কার্যবিবরণী অনুযায়ী, ভিক্তিমূল্য হিসেবে ব্যাংক আলফালাহ প্রায় ৫৮০ কোটি টাকা পাবে। তবে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী চূড়ান্ত মূল্যে কিছুটা সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্যাংক এশিয়া এর আগেও ব্যাংক অব নোভা স্কটিয়া এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। অন্যদিকে, ব্যাংক আলফালাহ তাদের আন্তর্জাতিক বিনিয়োগ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান থেকে নিজেদের কার্যক্রম প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। এই অধিগ্রহণ প্রক্রিয়া সফল হলে ব্যাংক আলফালাহর সকল সম্পদ ও দায়ভার ব্যাংক এশিয়ার অধীনে চলে আসবে।
Copyright © 2026 All rights reserved.