প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
তেল মজুত ও পাচার রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম এই তথ্য জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, অসাধু চক্রের বিরুদ্ধে প্রয়োজনে ‘চিরুনি অভিযান’ চালানো হবে এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সরকার দেশে তা নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। বর্তমানে ২ লাখ মেট্রিক টন তেলের জাহাজ বন্দরে ভিড়েছে এবং সমপরিমাণ তেল আসার পথে রয়েছে, তাই সংকটের কোনো কারণ নেই। তবে অবৈধ মজুতদার ও চোরাচালান রোধে কঠোর হতে জেলা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে বক্তব্য রাখবেন জ্বালানি মন্ত্রী।
এছাড়া বৈঠকে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে এখন থেকে প্রতি মাসে সংসদ সদস্যদের এলাকাভিত্তিক তথ্যের মাধ্যমে ব্রিফ করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চের মধ্যে সংরক্ষিত নারী আসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিলের রিপোর্ট পেশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংসদীয় কমিটি।
Copyright © 2026 All rights reserved.