প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
বিমানের টয়লেট প্যানেলে ১৮ কেজি সোনা: উদ্ধার ১৫৩ বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই সোনার মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা দুবাই থেকে আসা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নিবিড় নজরদারিতে রাখেন। পরবর্তীতে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ ইতোমধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাচারচক্রের সদস্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট কর্মীদের তালিকা যাচাই করা হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই বিশাল স্বর্ণ চালানের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
Copyright © 2026 All rights reserved.