প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট: ৮ মন্ত্রণালয় পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর ঘুরে দেখেছেন। সকাল ৯টার কিছু পরেই তিনি সচিবালয়ে পৌঁছান এবং নিজের দপ্তরে না গিয়ে সরাসরি ৬ নম্বর ভবনে প্রবেশ করেন। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
সচিবালয়ে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী হেঁটে বিভিন্ন ভবনে যান। তিনি ৬ নম্বর ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত উঠে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ও ঘুরে দেখেন তিনি। আকস্মিক এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল দাপ্তরিক কাজের গতিশীলতা ও উপস্থিতির হার যাচাই করা। পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।
আজ প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকালে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভায় তিনি সভাপতিত্ব করবেন। সভায় স্থানীয় সরকার, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠ পর্যায়ের সেবাকে আরও ত্বরান্বিত করতেই প্রধানমন্ত্রী আজ এই বিশেষ তদারকি চালালেন।
Copyright © 2026 All rights reserved.