প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
জল্পনার অবসান: দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে তিনি দেশে পৌঁছান। গত রোজার আগে থেকে তার বিদেশ অবস্থান নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা গুঞ্জন ও জল্পনা তৈরি হয়েছিল। বিসিবির একাধিক পরিচালক তার ফেরার খবরটি নিশ্চিত করেছেন।
গত অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ জানিয়েছিলেন বঞ্চিত সংগঠকরা। সেই প্রেক্ষিতে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় ঘনিয়ে আসায় সভাপতির ফেরা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অভিযোগ রয়েছে, ওই নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ পেতে আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা বিধিসম্মত ছিল না।
তদন্ত কমিটি ইতোমধ্যে অনলাইনে তার সঙ্গে কথা বললেও, সশরীরে উপস্থিত হয়ে তাকে কমিটির সামনে দাঁড়াতে হতে পারে। আগামী এপ্রিলের প্রথম ভাগেই এই তদন্ত প্রতিবেদন জমা পড়ার কথা রয়েছে। বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচনী অনিয়মের তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণই হবে সভাপতির জন্য পরবর্তী বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিসিবির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
Copyright © 2026 All rights reserved.