প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত: হরমুজে চায় পূর্ণ সার্বভৌমত্ব
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধে এক নাটকীয় শর্ত দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালি’র ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করছে। একই সঙ্গে এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে তারা। তবে এই শর্তকে ‘অবৈধ ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই কৌশলগত জলপথকে নিজেদের অর্থনৈতিক সংকট মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। শর্তটি পূরণ হলে টোল বাবদ বছরে কয়েকশ কোটি ডলার আয় করতে পারবে দেশটি। ব্লুমবার্গ ইকোনমিকসের মতে, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার সহজ পথ হিসেবে ইরান একে বেছে নিয়েছে। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়, যা বন্ধ থাকলে বিশ্ববাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের একতরফা আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এমন ‘অবৈধ’ পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দীর্ঘ দিন ধরে ইরান হরমুজ প্রণালিকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলেও, এবারের যুদ্ধে তারা একে স্থায়ী আয়ের উৎস বানাতে মরিয়া হয়ে উঠেছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে যুদ্ধবিরতির আলোচনা আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।
Copyright © 2026 All rights reserved.