প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত: বগি রেখেই ট্রেন রওনা
দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে ক্ষতিগ্রস্ত বগিটি স্টেশনে রেখেই ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তবে ২ নম্বর লাইন সচল থাকায় অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ট্রেনটি দীর্ঘ সময় আটকে না রেখে বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে বাকি বগিগুলো নিয়ে গন্তব্যে পাঠানো হয়েছে।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ১ নম্বর লাইনে সমস্যা হলেও ২ নম্বর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়নি। সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘একতা এক্সপ্রেস’ নির্দিষ্ট সময়ে সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনটি দ্রুত সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Copyright © 2026 All rights reserved.