প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এন এম নাসিরুদ্দিন।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে কাজ করবেন। একই আদেশে ডিসি ও এডিসি পদমর্যাদার আরও দুই কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির সদর দপ্তরের আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে মিডিয়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে বদলি করা হয়েছে পরিবহন বিভাগে। এছাড়া পিঅ্যান্ডআর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়ালিউল ইসলামকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এন এম নাসিরুদ্দিন মিডিয়া বিভাগের দায়িত্ব নেওয়ায় এখন থেকে ডিএমপির সকল আনুষ্ঠানিক বক্তব্য ও তথ্য আদান-প্রদানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন। প্রশাসনের গতিশীলতা আনতেই এই রদবদল করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.