প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
মধ্যপ্রাচ্যে আরও ৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়িয়ে সেখানে নতুন করে প্রায় ৩,৫০০ সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ২৭ মার্চ ইউএসএস ট্রিপোলি জাহাজে করে এই অতিরিক্ত সেনাবহর ওই অঞ্চলে পৌঁছেছে। এর মধ্যে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরাও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার দাবি করলেও অন্যদিকে এই বিশাল সেনা সমাবেশ যুদ্ধের শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মোতায়েন করা এই বাহিনীর সঙ্গে অত্যাধুনিক স্ট্রাইক ফাইটার বিমান, পরিবহন বিমান এবং অ্যাম্ফিবিয়াস আক্রমণ সক্ষমতাসহ বিভিন্ন কৌশলগত সরঞ্জাম পাঠানো হয়েছে। মূলত ইরানের সঙ্গে চলমান সংঘাত ও হরমুজ প্রণালির অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে এই সামরিক শক্তি বৃদ্ধি করা হলো। সূত্র জানিয়েছে, শিগগিরই ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে আরও কয়েক হাজার সেনাকে এই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান যুদ্ধ অবসানে আলোচনা চলছে। তবে আলোচনার আবহের মধ্যেই এই বিপুল সংখ্যক সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েনকে দ্বিমুখী কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই বর্ধিত উপস্থিতি আঞ্চলিক ভারসাম্য ও তেলের বাজার নিয়ন্ত্রণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
Copyright © 2026 All rights reserved.