প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
১০ দফা দাবি: প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি কর্মচারীরা
অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ ১০ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।
রবিবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এসব দাবি জানানো হয় এবং আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দীর্ঘ ১১ বছর নতুন পে-স্কেল না পাওয়ায় নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্মচারীরা দেশের নীতিনির্ধারণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘ সময় ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—অবিলম্বে ৯ম পে-স্কেল ঘোষণা, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং ব্লক পোস্ট সমস্যার সমাধান করে পদোন্নতির পথ সুগম করা। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, স্বচ্ছ বদলি ও পদোন্নতি নীতিমালার অভাবে প্রশাসনে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংকট নিরসনে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চান। সংগঠনটির মতে, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে প্রশাসনের দক্ষতা ও মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে।
১০ দফা দাবির মূল পয়েন্টগুলো:
• ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও টাইমস্কেল পুনর্বহাল।
• পদোন্নতির বাধা দূর করা ও বদলি নীতিতে স্বচ্ছতা।
• স্বাস্থ্য, আর্থিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
• দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা।
Copyright © 2026 All rights reserved.