প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানোর ঘোষণা সেতুমন্ত্রীর
সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অনিয়ম রোধে দেশের সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা শেষে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন। ডিজিটাল এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি যানবাহনের অবস্থান ও গতিবিধি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে তিনি জানান।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় দেশের সড়ক নিরাপত্তার বর্তমান পরিস্থিতি এবং দুর্ঘটনা কমিয়ে আনার উপায় নিয়ে আলোচনা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, সড়কের নিরাপত্তা বৃদ্ধিতে সরকার প্রযুক্তিগত আধুনিকায়নের ওপর জোর দিচ্ছে। জিপিএস ট্র্যাকার বসানো হলে বাসের রুট পারমিট লঙ্ঘন, অতিরিক্ত গতি ও যত্রতত্র পার্কিংয়ের মতো অনিয়মগুলো সহজে শনাক্ত করা যাবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব আন্তঃজেলা ও মহানগরের গণপরিবহনে কার্যকর করা হবে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি চালকদের জবাবদিহিতাও বাড়বে। সরকারের এই উদ্যোগকে স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
Copyright © 2026 All rights reserved.