প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল ও নতুন পদায়নের আদেশ জারি করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট জেলাগুলোর বর্তমান ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাতকে খুলনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় মো. আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহ. রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মো. সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা জেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা সাধারণ প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা তদারকি করবেন। অন্যদিকে, বিদায়ী ১১ ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আলাদা আদেশও জারি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আনতেই এই পরিবর্তন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.