প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
কাবার গিলাফ কাটার চেষ্টায় তুর্কি নারী আটক
পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টা করার অভিযোগে তুরস্কের এক নারী পর্যটককে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। একটি হজ কাফেলার সদস্য হিসেবে আসা ওই নারী কাঁচি দিয়ে গিলাফের অংশ বিশেষ কেটে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত মুসল্লিরা তাকে বাধা দেন। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই নারী পবিত্র গিলাফ থেকে স্মৃতিচিহ্ন হিসেবে একটি অংশ সংগ্রহের চেষ্টা করছিলেন। উপস্থিত মুসল্লিরা তাকে এটি শরিয়তবিরোধী ও দণ্ডনীয় অপরাধ হিসেবে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে তাকে মিসরীয় নাগরিক বলে দাবি করা হলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে তিনি তুরস্কের নাগরিক।
কাবার গিলাফ মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার প্রতীক। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী, কাবার গিলাফের কোনো অংশ কাটা বা ক্ষতিগ্রস্ত করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। আটক ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ধারণা করা হচ্ছে, তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
Copyright © 2026 All rights reserved.