প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও এলএনজি ট্যাংকার
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে। সর্বশেষ ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে ৩টি এলএনজি ট্যাংকারে করে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস দেশে আসার কথা রয়েছে।
রবিবার (২৯ মার্চ) বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এসব তথ্য নিশ্চিত করেছেন। সিঙ্গাপুর থেকে আসা জ্বালানি তেলের জাহাজটি বর্তমানে কুতুবদিয়া অ্যাংকরেজে অবস্থান করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চলতি মার্চ মাসে মোট ১৭টি জ্বালানি তেলবাহী জাহাজ আসার কথা রয়েছে, যার মধ্যে ৮টি ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কাতার থেকে এলএনজি সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা চাপ থাকলেও আপাতত বড় ধরনের জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তবে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার একটি বড় অংশই আমদানির মাধ্যমে মেটানো হয়।
Copyright © 2026 All rights reserved.