প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু
ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।
রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
অধিবেশনের শুরুতেই নির্ধারিত এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দিনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের আলোচনার কথা রয়েছে। এছাড়া জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপনের বিষয়ও এজেন্ডায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনার লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবে।
এর আগে দুপুর দেড়টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের একটি মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সংসদীয় বিষয়ে আলোচনা হয়। গত ১২ মার্চ শুরু হওয়া এই প্রথম অধিবেশনটি ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর সংসদের এই অধিবেশন পুনরায় শুরু হওয়ায় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.