প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
দুর্নীতিমুক্ত গ্রামীন সড়ক উন্নয়নে অগ্রাধিকার: মির্জা ফখরুল
ফ্যাসিবাদী সরকারের মেগা প্রজেক্টের নামে করা দুর্নীতিকে আর প্রশ্রয় দেওয়া হবে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৯ মার্চ) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে সরকারের প্রধান অগ্রাধিকার।
মন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার উন্নয়নের দোহাই দিয়ে মেগা প্রজেক্টগুলোতে চরম দুর্নীতি করেছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ও নির্দিষ্ট কিছু এলাকায় ফান্ডের কেন্দ্রীকরণ হওয়ায় উত্তরাঞ্চলসহ অনেক এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত রয়ে গেছে। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার আঞ্চলিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর।
মির্জা ফখরুল আরও বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে মজবুত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই দুর্নীতির ছিদ্রপথ বন্ধ করে প্রতিটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট সংস্কার ও নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি সংসদ সদস্যদের আশ্বস্ত করেন যে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমুখী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে।
Copyright © 2026 All rights reserved.