প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে
দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার।
রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মে মাসের শুরুতেই অথবা এপ্রিলের শেষ নাগাদ দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী জুনের পর থেকে দেশের ৪৯৫টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে, যা স্বয়ং প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের সরকারিভাবে বিশেষ ‘ক্রীড়া বৃত্তি’ প্রদান করা।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এই পরিকল্পনা সফল করতে দেশের সকল বিভাগে অবস্থিত বিকেএসপি (BKSP) শাখাগুলোকে পূর্ণাঙ্গভাবে সচল করা হবে এবং সেখানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিভাবান শিশুদের শৈশব থেকেই সঠিক প্রশিক্ষণের আওতায় এনে জাতীয় ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই ঘোষণার ফলে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্রীড়া শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.