প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
রামেক হাসপাতালে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনায় হামের অস্তিত্ব পাওয়া যায়নি।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ৩৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশেরই বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য বেশ উদ্বেগজনক। তবে এক বছরের ওপরের শিশুদের আক্রান্ত হওয়ার হার অনেক কম। বর্তমানে হাসপাতালে নির্ধারিত কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে আইসোলেশন নিশ্চিত করে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় হিমশিম খেতে হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা দিনরাত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগামী জুন মাসে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেওয়া হয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.