প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা
ইউনিসেফের মাধ্যমে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশে হামসহ ছয়টি মারাত্মক রোগের টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেন। শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার ৬০৪ কোটি টাকার টিকা আমদানির প্রক্রিয়া সম্পন্ন করেছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের পর দেশে হাম প্রতিরোধে কোনো জাতীয় ক্যাম্পেইন না হওয়ায় সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এই সংকট নিরসনে ইউনিসেফকে প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়েছে এবং দ্রুততম সময়ে টিকা দেশে পৌঁছাবে। এছাড়া শিশুদের ক্রমবর্ধমান রোগের কথা বিবেচনায় রেখে সরকারি উদ্যোগে অতিরিক্ত ২০টি ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধ, নার্সিং সেবার মানোন্নয়ন এবং আইসিইউ সুবিধা বৃদ্ধিতে ৫ সদস্যের একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে এই গ্রুপের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা ও কারিগরি সহায়তা আগামী দিনে আরও বৃদ্ধি করা হবে।
Copyright © 2026 All rights reserved.