প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রধানমন্ত্রী
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য না হয়ে ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দেশে প্রথমবারের মতো ‘ক্রীড়া কার্ড’ ও ‘ভাতা প্রদান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চেপে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদের প্রত্যেকের মোবাইলে এক লক্ষ টাকা করে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহার অনুযায়ী, দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলোয়াড়দের সুনির্দিষ্ট নীতিমালা ও বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে। তিনি ঘোষণা করেন, আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে দেশব্যাপী প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। এছাড়া শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কাজও শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, ‘ক্রীড়া কার্ড’-এর ধারাবাহিকতায় আগামী ১৪ এপ্রিল থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। তিনি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সাথে ফটোসেশনে অংশ নেন।
Copyright © 2026 All rights reserved.