প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ট্যাংকলরি জব্দ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুদের সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেনসহ একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একটি চক্র অবৈধভাবে ট্যাংকলরি থেকে ড্রামে তেল সরাচ্ছে। অভিযানে ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি ও ট্যাংকলরি আটক করা হয়। জব্দকৃত ড্রাম ও লরিতে প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেল রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য জেলা থেকে তেল এনে খোলা বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এখানে মজুদ করা হচ্ছিল। আটককৃত চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 All rights reserved.