প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
চোখে যন্ত্রণা না দেখা পর্যন্ত হামলা চলবে: ইরান
ইরানের অবকাঠামোতে হামলার কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমান ও মহাকাশ শাখা। বাহিনীটির কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি এক টুইট বার্তায় ঘোষণা করেছেন, শত্রুদের চোখে অসহ্য যন্ত্রণার ছাপ না দেখা পর্যন্ত এই বেদনাদায়ক হামলা অব্যাহত থাকবে। এরই মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও তেল শোধনাগারে হামলার দাবি করেছে তেহরান।
তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমান্ডার মুসাভি তাঁর বার্তায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে 'আমেরিকান-জায়োনিস্ট' শত্রুদের সাথে সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত শিল্পগুলো একের পর এক ধ্বংস করা হচ্ছে। ইরানের ওপর আক্রমণের পাল্টা জবাব দিতেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে।
এখন পর্যন্ত দখলদার ইসরায়েল ভূখণ্ডের নেউত হোভাভ এলাকার রাসায়নিক শিল্প কেন্দ্র, একটি প্রধান তেল শোধনাগার, দুটি বিশাল ইস্পাত কমপ্লেক্স এবং দুটি অ্যালুমিনিয়াম কারখানায় সফলভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। কমান্ডার মুসাভি স্পষ্ট করে জানিয়েছেন, এই আক্রমণগুলো কেবল শুরু এবং সামনে আরও শক্তিশালী ও যন্ত্রণাদায়ক আঘাত আসতে চলেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে এই নতুন ঘোষণা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
Copyright © 2026 All rights reserved.