প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
এমটিএফইর পাচার করা ৪৪ কোটি টাকা ফেরালো সিআইডি
অনলাইন প্রতারণামূলক প্ল্যাটফর্ম এমটিএফই (MTFE) এর মাধ্যমে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকা) দেশে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধারকৃত এই অর্থ বর্তমানে সোনালী ব্যাংকের একটি সরকারি হিসেবে জমা রাখা হয়েছে।
ডিআইজি আবুল বাশার তালুকদার জানান, ২০২৩ সালে খিলগাঁও থানায় করা এক মামলার সূত্র ধরে এই বিশাল অর্থ উদ্ধারের অভিযান শুরু হয়। তদন্তে দেখা যায়, এমটিএফই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার ব্লকচেইন অ্যানালাইসিস টুলের সাহায্যে পাচার হওয়া ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ ইউএসডিটি (USDT) শনাক্ত করে। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ 'ওকেএক্স' এবং যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সহায়তায় এই অর্থ উদ্ধার ও বৈধ মুদ্রায় রূপান্তর করা হয়।
সিআইডি আরও জানায়, বাংলাদেশে ২০২২ সাল থেকে কার্যক্রম শুরু করা এই 'পঞ্জি স্কিম' অ্যাপটি উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে হাজার হাজার মানুষকে নিঃস্ব করেছে। উদ্ধারকৃত অর্থ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ভুক্তভোগীদের শনাক্ত করে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ডিআইজি আবুল বাশার সাধারণ মানুষকে এ ধরনের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পাচার হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারেও সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.