প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
কুড়িগ্রামে মসজিদের নাম বদলে সরকারি ভাতা আত্মসাতের অভিযোগ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সরকারি সম্মানী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে নিয়মবহির্ভূতভাবে ভাঙ্গামোড় ইউনিয়নের দেখিয়ে ভাতা উত্তোলনের পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন বঞ্চিতরা। এই অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ইশতেহার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ভাতা চালুর তালিকা প্রণয়ন করছে প্রশাসন। নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মসজিদ নির্বাচনের কথা থাকলেও, ফুলবাড়ী সদর ইউনিয়ন থেকেই দুটি মসজিদকে তালিকায় রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, ভাঙ্গামোড় ইউনিয়নের ‘খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদ’-কে বাদ দিয়ে রহস্যজনকভাবে ফুলবাড়ী ইউনিয়নের ‘খরিবাড়ী বাজার পুরাতন জামে মসজিদ’-কে ভাঙ্গামোড় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে।
এর ফলে ভাঙ্গামোড় ইউনিয়নের প্রকৃত হকদার ইমাম ও মুয়াজ্জিনরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার জানান, নীতিমালার বাইরে গিয়ে ভাঙ্গামোড়কে বঞ্চিত করা অনৈতিক। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাঠ পর্যায়ের জরিপকারীদের ওপর দায় চাপালেও, ইউএনও দিলারা আকতার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কুড়িগ্রাম জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সঠিক তদন্ত প্রতিবেদন পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
Copyright © 2026 All rights reserved.