প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
দেশে আর ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে চলমান বিশৃঙ্খল গণপিটুনি বা ‘মব কালচার’ আর অ্যালাউ করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি জানানোর অধিকার সবার থাকলেও মব তৈরির প্রবণতা বন্ধে সরকার বদ্ধপরিকর।
সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে রুমিন ফারহানা বিগত সময়ের গুম-খুন এবং বর্তমান সময়ের মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, পরিসংখ্যানে গত কয়েক মাসে মব কালচারের শিকার হয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেছি যে বাংলাদেশে কোনো মব কালচার থাকবে না।
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, কোনো প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা পরিকল্পিত অপরাধ, যা মব নয়। এসব ঘটনায় মামলা ও তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি জনগণকে সড়ক অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্মারকলিপি দেওয়া বা সমাবেশের মাধ্যমে দাবি জানানোর অধিকার সবার আছে, তবে মবের মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
Copyright © 2026 All rights reserved.