প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, রাশিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে এই চিঠি পাঠানো হয়েছে এবং বর্তমানে ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা।
যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশকে অন্তত দুই মাস বা ৬ লাখ টন জ্বালানি তেল আমদানিতে বিশেষ ছাড় (স্যাংশন ওয়েভার) দেওয়ার প্রস্তাব করা হয়। ওই বৈঠকের প্রেক্ষিতেই সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। এর আগে ভারতকেও রাশিয়া থেকে তেল আমদানিতে এমন ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত থেকে চুক্তিকৃত জ্বালানি তেল এখন নিয়মিত পাওয়া যাচ্ছে এবং এ পর্যন্ত প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। এছাড়া বিকল্প উৎস হিসেবে ইন্দোনেশিয়া থেকে শিগগিরই ৬০ হাজার টনের দুটি কার্গো আসার কথা রয়েছে। বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা চলছে।
অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এখনো কাটেনি।
Copyright © 2026 All rights reserved.