প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত জানাল মন্ত্রণালয়
দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেলসহ পর্যাপ্ত অকটেন, পেট্রোল ও জেট ফুয়েল মজুত আছে। ফলে এপ্রিল মাসেও জ্বালানি তেলের কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। এছাড়া তেল পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুতই একটি ট্র্যাকিং অ্যাপ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডিজেল ছাড়াও ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। জ্বালানি বিভাগের এই কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, মার্চ মাসে কোনো সমস্যা হয়নি এবং এপ্রিলেও সরবরাহ স্বাভাবিক থাকবে। সরকার বর্তমানে জ্বালানি তেল বিক্রয় পর্যবেক্ষণে একটি বিশেষ অ্যাপ তৈরি করছে, যার পরীক্ষামূলক ব্যবহার সপ্তাহখানের মধ্যেই শুরু হবে।
মনির হোসেন চৌধুরী আরও জানান, জ্বালানি তেলের দাম নিয়ে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে; শুধু সোমবারেই সারাদেশে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৯৬ হাজার লিটার অবৈধ তেল জব্দ করেছে সরকার। এছাড়া এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়েও বর্তমানে কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ।
Copyright © 2026 All rights reserved.