প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
আইএলও অধিবেশনে বর্তমান সরকারকে ৪৭টি দেশের পূর্ণ সমর্থন
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে ৪৭টি দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেটকে স্বাগত জানিয়ে দেশগুলো পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে। একইসঙ্গে শ্রম খাতের উন্নয়নে বর্তমান সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে ১৯টি রাষ্ট্র ও দুটি আঞ্চলিক গ্রুপ।
সোমবার (৩০ মার্চ) জেনেভায় আইএলওর অধিবেশনে বাংলাদেশের শ্রম খাতের নবম অগ্রগতি রিপোর্ট পেশ করা হয়। আলোচনায় অংশ নিয়ে ২২ সদস্যের আরব গ্রুপ, ৬ সদস্যের উপসাগরীয় গ্রুপসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জাপানের মতো দেশগুলো বাংলাদেশের নতুন সরকারের আইনি ও প্রশাসনিক সংস্কারের ভূয়সী প্রশংসা করে। উল্লেখ্য, ২০১৯ সালে আইএলও কনভেনশন লঙ্ঘনের অভিযোগে তৎকালীন সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে নিষ্পত্তির পর্যায়ে রয়েছে।
অধিবেশনে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রতিনিধিত্ব করেন। উপদেষ্টা মাহদী আমিন অধিবেশনে জানান, বর্তমান সরকার মানবাধিকার, আইনের শাসন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও জানান, শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা শ্রম আইন সংশোধনের অগ্রগতির প্রশংসা করে রোডম্যাপ পুরোপুরি বাস্তবায়নের অনুরোধ জানান। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, আইএলওর ‘ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা’র সাথে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
Copyright © 2026 All rights reserved.