প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ: হাসপাতালে ভর্তি ৭৬
চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত তিন মাসে জেলা হাসপাতালে ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষ আইসোলেশন ইউনিটে ৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন। রোগীর অতিরিক্ত চাপে শয্যা সংকট দেখা দেওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, নিয়মিত টিকা না নেওয়ার কারণেই সংক্রমণের এই ভয়াবহতা দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদ জানান, আক্রান্তদের বেশিরভাগই দুই বছরের কম বয়সী শিশু। করোনা পরবর্তী সময়ে টিকা গ্রহণের প্রতি অনীহা এই পরিস্থিতির প্রধান কারণ বলে তিনি মনে করছেন।
সংক্রমণ রোধে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটকে সাময়িকভাবে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। লোকবল সংকট থাকলেও সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। আক্রান্ত শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুলসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকরা সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর থাকা শিশুদের সংস্পর্শে না নিতে এবং দ্রুত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.