প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
ঢাকা ও ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা, ফরিদপুর ও গাজীপুরসহ গুরুত্বপূর্ণ ১৪টি জেলায় এই নিয়োগ প্রদান করা হয়। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, জনস্বার্থে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, ঢাকায় ইয়াছিন ফেরদৌস এবং গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফেনীতে অধ্যাপক এম এ খালেক, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম এবং নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক নিয়োগ পেয়েছেন। তালিকার অন্য জেলাগুলোর মধ্যে বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী এবং চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিমকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.