প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
ইরাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা
ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনীর অংশ ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)-এর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইরাকের জুর্ফ আল-নাসর এবং পশ্চিম আনবার প্রদেশের কারমা এলাকায় এই হামলা চালানো হয়। পিএমএফ-এর পক্ষ থেকে হামলার খবর নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরাকি ভূখণ্ডে এই যৌথ হামলার ঘটনা ঘটল।
পিএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ভোরে মোট চারটি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে তিনটি হামলা জুর্ফ আল-নাসর এলাকায় ‘ব্রিগেড ৪৫’-এর ওপর আঘাত হানে। চতুর্থ হামলাটি চালানো হয় পশ্চিম আনবার প্রদেশের কারমা এলাকায় ‘ব্রিগেড ৩১’-কে লক্ষ্য করে। হামলার শিকার এই বাহিনীটি ২০১৪ সালে আইএসআইএস (দায়েশ) জঙ্গিবাদ দমনে গঠিত হয়েছিল এবং পরবর্তীতে ২০১৬ সালে ইরাকি সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়।
মার্কিন ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়া ও ইরাক সীমান্তে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা কমাতে এই অভিযান চালানো হয়ে থাকতে পারে। কোনো প্রাণহানি না ঘটলেও এই হামলার ফলে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নতুন করে সংকটের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.