প্রকাশের তারিখঃ Jun 15, 2026 ইং
সহকারী অধ্যাপকের বিরুদ্ধে মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা রেজাউল ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার মার্কেট নির্মাণের দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
চৌগাছা কামিল মাদ্রাসার নতুন মার্কেট নির্মাণের দায়িত্ব পান মাদ্রাসার সহকারী অধ্যাপক ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ঈমাম মাওলানা রেজাউল ইসলাম। ভুয়া ভাউচারের মাধ্যমে তিনি মার্কেটের দোকানদারের নিকট পজিশন প্রদান বাবদ দশ লাখ টাকার বেশি গ্রহণ আত্মসাত করেছেন বলে জানা গেছে।
এ নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মধ্যে ব্যাপক তোলপাড় চলছে। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা নুরুল ইসলামের মাধ্যমে কমিটি ও শিক্ষকদের নিয়ে একাধিক বার মাওলানা রেজাউল ইসলামের সাথে মিটিং করলে তিনি টাকা গ্রহণের কথা স্বীকার করে উক্ত টাকা ফেরত দিতে রাজি হন।
এজন্য দুই মাস সময় চেয়ে ১০ জুনের মধ্যে অর্ধেক টাকা এবং পর্যায়ক্রমে বাকী টাকা ফেরত দিবেন বলে জানান। কিন্তু তিনি দুই মাস পার হলেও মাদ্রাসার কমিটির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাকা ফেরত না দিয়ে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। কোন অদৃশ্য শক্তির বলে তিনি এমনটি করছেন তা কমিটির সদস্যদের কাছে বোধগম্য নয়। চৌগাছার সর্বত্র এটা এখন আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে। একটি প্রতিষ্ঠানের অর্থ এভাবে আত্মসাৎ করায় এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বিষয়টি অতি সত্বর সুরাহার দাবি জানান।
Copyright © 2026 All rights reserved.