প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
শুধু গোলসংখ্যাতেই নয়, দুই ভিন্ন বিশ্বকাপে ৭ বা তার বেশি গোল করার কীর্তিতেও মেসির রেকর্ড স্পর্শ করেছেন এমবাপ্পে। এর আগে কেপ ভার্দের বিপক্ষে গোল করে মেসি এই অনন্য রেকর্ড গড়েছিলেন, আর এবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করে সেই তালিকায় নিজের নাম লেখালেন ফরাসি এই সুপারস্টার।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭, যা সমান করেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোলসংখ্যাকে। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন দুই তারকা।
এছাড়া বিশ্বকাপ ইতিহাসে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৯, যা তাকে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, যার গোলসংখ্যা ২০।
নকআউট পর্বেও অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছেন এমবাপ্পে। বিশ্বকাপের নকআউট ম্যাচে তার মোট গোল এখন ১১, যা ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর চেয়ে তিনটি বেশি।
এছাড়া বিশ্বকাপ ইতিহাসে তিনটি ভিন্ন আসরের নকআউট পর্বে অন্তত তিনটি করে গোল করা প্রথম ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছেন এমবাপ্পে।
এদিকে প্যারাগুয়ের বিপক্ষে করা গোলটি ছিল বিশ্বকাপে এমবাপ্পের সপ্তম ম্যাচজয়ী গোল। এর মাধ্যমে তিনি পোল্যান্ডের কিংবদন্তি গ্রেগর্জ লাতোর ম্যাচজয়ী গোলের রেকর্ডও স্পর্শ করেছেন।
অন্যদিকে, ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম বিশ্বকাপের নকআউট পর্বে ১০টি জয় তুলে নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক নকআউট জয়ের রেকর্ড গড়েছেন।
এছাড়াও, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচটি ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছে ফ্রান্স, যা তাদের শিরোপা লড়াইকে আরও শক্তিশালী করেছে।
Copyright © 2026 All rights reserved.