সোমবার (৬ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে এক থেকে দেড় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এবং কমিশনের কাছেও কোনো সরকারি নির্দেশনা বা চিঠি আসেনি।
তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকারের প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। সংবিধান ও আইনের ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে। প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়ার সম্ভাবনাই বেশি।
নির্বাচনের সময় নির্ধারণে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব, বর্ষা মৌসুম, ভৌগোলিক অবস্থা এবং যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে। সব দিক পর্যালোচনা করেই চূড়ান্ত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন, বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আচরণবিধির খসড়া ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
নতুন বিধিমালায় সম্ভাব্য পরিবর্তন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি করা হবে।
অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে না।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।
পোস্টাল ব্যালট ও নির্বাচনী পোস্টার ব্যবহারের সুযোগও রাখা হচ্ছে না।
বর্তমানে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রাথমিকভাবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের দায়িত্বে নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকারও জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।