প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দুর্গত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যেসব জেলায় পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে—
চট্টগ্রাম
কক্সবাজার
রাঙামাটি
বান্দরবান
খাগড়াছড়ি
এছাড়া এই সিদ্ধান্ত আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য।
অন্যান্য বোর্ডে পরীক্ষা যথারীতি
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর আগেও একই কারণে ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় এবার ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.