প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
টানা বৃষ্টির পূর্বাভাস, আরও ৫ দিন ভোগান্তির শঙ্কা: বাড়ছে বন্যার ঝুঁকি
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে দেশে কোনো লঘুচাপের প্রভাব নেই। তবে সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এই পরিস্থিতি আরও অন্তত পাঁচ দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে বৃষ্টিপাত কমে আসা এবং পানি দ্রুত নিষ্কাশনের ফলে চট্টগ্রামে পরিস্থিতির উন্নতি হলেও দেশের অভ্যন্তর ও উজানে টানা বৃষ্টির কারণে সিলেট, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে কমছে। তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কয়েকটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
Copyright © 2026 All rights reserved.