প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, আহত কয়েকজন
মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রথমে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিপেটা শুরু করে। আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল এবং প্রশ্নপত্র অতিরিক্ত কঠিন হওয়ার অভিযোগ তুলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করেন শিক্ষার্থীরা। প্রথমে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এবং বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। বিকেলে আবার সায়েন্স ল্যাবে ফিরে এসে সড়ক অবরোধ করেন তাঁরা।
বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তিন দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা ছয়টার দিকে সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করে অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।
২. ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা দিতে পারেনি—সব শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নিতে হবে।
৩. ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র নিশ্চিত করতে হবে।
![]()

পুলিশের লাঠিপেটা শুরু হলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ তাঁদের সংসদ ভবনের প্রধান ফটক থেকে ধাওয়া করে আসাদগেট পর্যন্ত সরিয়ে দেয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বেশির ভাগ শিক্ষার্থী চলে গেলেও কিছুক্ষণ পর ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী আবার সংসদ ভবনের সামনে ফিরে আসেন। তবে তাঁরা কোনো স্লোগান না দিয়ে নীরবে অবস্থান করেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তাঁদের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে এবং যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, প্রয়োজনে সেসব কেন্দ্রে আবার পরীক্ষা নেওয়া হতে পারে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণায় সন্তুষ্ট হননি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের পর সন্ধ্যায় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তাঁরা।
Copyright © 2026 All rights reserved.