পরিবর্তিত নীতিমালা অনুযায়ী চার স্তরের কমিটিই বহাল থাকবে। তবে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’র পরিবর্তে দুজন করে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি রাখা হবে।
বিভাগীয় কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক এবং উপজেলা বা থানা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আগের নীতিমালায় জাতীয় কমিটির সভাপতি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সংশোধিত নীতিমালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জাতীয় কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্য থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব—বিদ্যালয় এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক—পলিসি ও অপারেশন।
১. ন্যূনতম চাকরির মেয়াদ:
চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ না হলে কোনো সহকারী শিক্ষক বদলির যোগ্য হবেন না। একবার বদলি হওয়ার পর তিন বছর পূর্ণ না হলে পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না।
২. শূন্য পদ থাকা বাধ্যতামূলক:
যে বিদ্যালয়ে শিক্ষক বদলি করা হবে, সেখানে অবশ্যই সংশ্লিষ্ট পদটি শূন্য থাকতে হবে।
৩. আবেদন ছাড়া বদলি নয়:
কোনো শিক্ষকের আবেদন ছাড়া তাঁকে নিজ বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি করা যাবে না। তবে জনস্বার্থ বা প্রশাসনিক প্রয়োজনে জাতীয় কমিটির অনুমোদন নিয়ে বদলি করা যাবে।
৪. শিক্ষকসংকট থাকা বিদ্যালয় থেকে বদলি নয়:
যেসব বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না।
৫. জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন:
একই বিদ্যালয়ের একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষককে আগে বিবেচনা করা হবে।
৬. সংযুক্তি পদায়নে সীমা:
একটি বিদ্যালয়ে সর্বোচ্চ তিনজন শিক্ষককে সংযুক্তিতে পদায়ন করা যাবে।
৭. নারী শিক্ষকদের অগ্রাধিকার:
সব শর্ত পূরণ সাপেক্ষে নারী শিক্ষকেরা তাঁদের স্থায়ী ঠিকানা অথবা স্বামীর ঠিকানার নিকটবর্তী বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
https://rajdhanitv.online/
প্রাথমিক শিক্ষক বদলির সাত শর্ত নিয়ে কমিটিগুলো প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন যাচাই ও নিষ্পত্তি করবে। একই উপজেলা, জেলা অথবা বিভাগের মধ্যে বদলির আদেশ সংশ্লিষ্ট কমিটির অনুমোদনের ভিত্তিতে দেওয়া হবে।
আন্তবিভাগ এবং সিটি করপোরেশন এলাকায় বদলির আবেদন জাতীয় কমিটি যাচাই করবে। নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে বিদ্যালয়ে পদায়নের দায়িত্ব জেলা কমিটির ওপর থাকবে।
নতুন শর্তগুলোর কারণে শিক্ষক বদলির ক্ষেত্রে চাকরির মেয়াদ, বিদ্যালয়ের শূন্য পদ, শিক্ষকসংকট এবং আবেদনকারীর জ্যেষ্ঠতার বিষয়গুলো স্পষ্ট হলো। তবে নতুন কমিটিতে ‘শিক্ষানুরাগী ব্যক্তি’ নির্বাচন কতটা স্বচ্ছভাবে হবে এবং বদলির প্রক্রিয়ায় তদবির কতটা নিয়ন্ত্রণ করা যাবে—সেটিই এখন দেখার বিষয়।