সোমবার রাজধানীতে বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধকরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন,
থার্ড টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কোম্পানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে।
তিনি বলেন, “চুক্তি স্বাক্ষরের পর পরিচালনার আনুষ্ঠানিক সময়সূচি আরও স্পষ্ট হবে। তবে আমাদের লক্ষ্য আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করা।”তার মতে, প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এখন পরিচালনাগত প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয়ের কাজ চলছে।
বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের অবকাঠামোগত কাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা, যন্ত্রপাতি স্থাপন এবং পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতি শেষ করার কাজ চলছে।তিনি বলেন, আধুনিক এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা, ব্যাগেজ হ্যান্ডলিং, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিবাসন কার্যক্রম আরও দ্রুত ও আধুনিক হবে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সেখানে বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।তিনি বেবিচকের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, বিমান নিরাপত্তা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।এছাড়া আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপদ বিমান চলাচল এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়।

কর্মশালায় বেবিচকের সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে নানা ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি জানান, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নত ওয়াশরুম, হ্যান্ড স্যানিটাইজার, পর্যাপ্ত ট্রলি, হুইলচেয়ার, কিউ-ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।তার ভাষ্য, এসব উদ্যোগের ফলে হজযাত্রীরা আগের তুলনায় আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল পরিবেশে বিমানবন্দর ব্যবহার করতে পেরেছেন।
বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম কর্মশালায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল নিয়ন্ত্রণ, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (এটিএফএম), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর বিভিন্ন ক্যাটাগরি এবং বিমান পরিচালনার সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে বাংলাদেশে ধীরে ধীরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
কর্মশালার বিভিন্ন পর্বে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা, নিরাপত্তা, আন্তর্জাতিক মানদণ্ড, এয়ার ট্রাফিক অপারেশন এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন।বেবিচক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং দেশের এভিয়েশন খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আন্তর্জাতিক মানের এই টার্মিনাল দেশের যাত্রীসেবা উন্নয়ন, পর্যটন, বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।