প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
আগামী সপ্তাহে কিছুটা বাড়বে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার হতে পারে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী সপ্তাহে শতভাগ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে দেশের গ্যাস সংকটের মূল কারণ কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অ্যাকসিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনা। গত সপ্তাহে এই দুর্ঘটনার পর টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গৃহস্থালির রান্না, শিল্পকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে তীব্র সংকট দেখা দেয়।
প্রতিমন্ত্রী জানান, সরকারের একটি কারিগরি দল অ্যাকসিলারেট এনার্জির প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত টার্মিনাল দ্রুত চালু করার কাজ করছে। টার্মিনালটি আংশিক চালু হলে প্রতিদিন প্রায় ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। পূর্ণ সক্ষমতায় চালু হলে সরবরাহ আরও বেড়ে ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুটে পৌঁছাবে।তিনি বলেন, "দিন-তারিখ নির্দিষ্ট করে বলা কঠিন। এটি সম্পূর্ণ কারিগরি বিষয়। এর আগে সম্ভাব্য সময় দেওয়া হলেও নানা কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই এবার সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।"

এদিকে
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের মোট চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। কিন্তু দীর্ঘদিন ধরেই সরবরাহ হচ্ছে গড়ে ২৭০ কোটি ঘনফুট। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর সরবরাহ আরও কমে ২১৫ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে, যার প্রভাব পড়েছে আবাসিক, শিল্প ও পরিবহন—সব খাতেই।সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলেন, গৃহস্থালিতে রান্নার কাজে বিশেষ করে নারী সদস্যরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় গণপরিবহনেও প্রভাব পড়ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, "এটি কোনো সরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণে হয়নি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবুও জনগণের ভোগান্তির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"তিনি জানান, ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে উড়োজাহাজে আনা হচ্ছে। এসব যন্ত্রাংশ দ্রুত খালাস ও স্থাপনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, টার্মিনালে আগুন লাগার পর একটি বয়লার বিস্ফোরণ ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পাশেই অবস্থান করা এলএনজি-বাহী জাহাজটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়, ফলে আরও বড় বিপর্যয় ঘটেনি।তিনি আরও আশ্বস্ত করেন, দেশে এলএনজি আমদানিতে কোনো সংকট নেই। নিয়মিতভাবে এলএনজি বহনকারী জাহাজ দেশে আসছে। তবে বর্তমান পরিস্থিতির কারণে জাহাজ আগমনের সময়সূচিতে সাময়িক কিছু পরিবর্তন আনা হয়েছে।
সরকার আশা করছে, দ্রুত মেরামতকাজ সম্পন্ন হলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে।
Copyright © 2026 All rights reserved.