প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা
অস্ট্রেলিয়ার বিভিন্ন সময় অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী একযোগে এই পরীক্ষা পরিচালিত হয়। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, তাসমানিয়া ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে দুপুর ২টায়, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটরিতে দুপুর ১টা ৩০ মিনিটে, পশ্চিম অস্ট্রেলিয়ায় দুপুর ১২টায় এবং ক্রিসমাস দ্বীপে সকাল ১১টায় সতর্কবার্তাটি পাঠানো হয়।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA) জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে
AusAlert আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমান এসএমএসভিত্তিক সতর্কতা ব্যবস্থার পরিবর্তে নতুন এই প্রযুক্তি সেল ব্রডকাস্ট পদ্ধতি ব্যবহার করবে। ফলে মোবাইল নেটওয়ার্কে অতিরিক্ত চাপ থাকলেও নির্দিষ্ট এলাকার লাখো মানুষের কাছে দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, জননিরাপত্তাজনিত হুমকি, জৈব নিরাপত্তা সংকট এবং জনস্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে এই ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠানো হবে। প্রযুক্তিটি প্রায় ১৬০ মিটার পর্যন্ত নির্দিষ্ট এলাকায় লক্ষ্যভিত্তিকভাবে সতর্কবার্তা পাঠাতে সক্ষম।তবে পরীক্ষার সময় সব ব্যবহারকারীর ডিভাইসে বার্তা পৌঁছায়নি। এ বিষয়ে NEMA জানিয়েছে, এটি কোনো ব্যর্থতা নয়। পুরোনো বা অসামঞ্জস্যপূর্ণ ডিভাইস, সফটওয়্যার আপডেট না থাকা, মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা, ফোন বন্ধ থাকা, বিমান মোড চালু থাকা অথবা স্থানীয় টেলিযোগাযোগ টাওয়ারের সাময়িক সমস্যার কারণে কিছু ব্যবহারকারী সতর্কবার্তা নাও পেতে পারেন।

এর আগে চলতি বছরের জুন মাসে অস্ট্রেলিয়ার নয়টি এলাকায় সীমিত পরিসরে AusAlert-এর পরীক্ষা চালানো হয়েছিল। এবারের দেশব্যাপী পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে অক্টোবরে পূর্ণাঙ্গভাবে সেবা চালুর আগে বিভিন্ন ডিভাইস, নেটওয়ার্ক এবং অঞ্চলে এর কার্যকারিতা আরও মূল্যায়ন করা হবে।বাস্তব জরুরি পরিস্থিতিতে AusAlert-এর বার্তায় ঘটনার ধরন, ক্ষতিগ্রস্ত এলাকা, ঝুঁকির মাত্রা, করণীয়, বার্তা প্রদানকারী সংস্থা এবং বিস্তারিত তথ্যের উৎস উল্লেখ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোবাইল ফোন Silent বা Do Not Disturb মোডে থাকলেও বিশেষ সতর্ক সংকেতের মাধ্যমে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে এই নতুন ব্যবস্থা।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক এই জরুরি সতর্কতা ব্যবস্থা অস্ট্রেলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও দ্রুত, কার্যকর এবং প্রযুক্তিনির্ভর করে তুলবে।
Copyright © 2026 All rights reserved.