প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টার দিকে একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন কয়েকজন বাংলাদেশি। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজন
আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার, আর অন্যরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনার পর স্থানীয় পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করছে দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো সরকারিভাবে কোনো তালিকা পাওয়া যায়নি। তিনি বলেন,
"কয়েকজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে আমাদের কাছে এখনো অফিসিয়াল কোনো তথ্য আসেনি। আমরা খোঁজখবর নিচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।"স্বজনদের ভাষ্য, জীবিকার সন্ধানে বহু বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন এসব বাংলাদেশি। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তারা সেখানে ব্যবসা ও বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করছেন বলে জানা গেছে।
ঘটনার বিস্তারিত জানতে বাংলাদেশ দূতাবাস ও দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে স্বজনরা।
Copyright © 2026 All rights reserved.